বিদেশ ভ্রমণে ডলারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বিদেশ ভ্রমণে ডলারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

জাতীয়

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার ব্যবহারের সুযোগ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এই সীমা বাড়ানো হয়েছে।

তবে ১২ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বার্ষিক ভ্রমণসুবিধার সীমা ৯ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এদিকে বৈদেশিক মুদ্রা নগদ ডলার নোট আকারে নেওয়ার ক্ষেত্রে আগের সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন বার্ষিক ভ্রমণ কোটার মধ্যেও একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন।

অর্থাৎ, বিদেশ ভ্রমণে বছরে বৈদেশিক মুদ্রা ব্যবহারের মোট সুযোগ বাড়লেও নগদ ডলার নোট বহনের নির্ধারিত সীমা আগের মতোই থাকছে।