দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে আলোচনা করতে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর রেল ভবনে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে দুই দেশ একমত হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ির সঙ্গে চলাচলকারী তিনটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু হতে পারে বলে জানা গেছে।
২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় নয় মাস বন্ধ থাকার পর গত বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হলেও যাত্রীবাহী ট্রেন এখনো চালু হয়নি।
বৈঠকে বন্ধ থাকা তিনটি ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ।
এ ছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার বিষয়েও আগ্রহ প্রকাশ করবে বাংলাদেশ। বর্তমানে ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হলে দুই দেশের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
