ইয়েমেনে সংশোধনাগারে বিমান হামলার অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে, নিহত ৭

ইয়েমেনে সংশোধনাগারে বিমান হামলার অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে, নিহত ৭

আন্তর্জাতিক

উত্তর ইয়েমেনের আল-জউফ প্রদেশে একটি সংশোধনাগারে ভয়াবহ বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। হামলায় শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি সীমান্তবর্তী আল-জউফ প্রদেশের একটি সংশোধনাগারে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতি। হামলার পর সংশোধনাগারের মূল ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

হামলার ভিডিও প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন। ভিডিওতে হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুতি গোষ্ঠীর অভিযোগ, আল-জউফ এলাকায় সৌদি আরবের বিমান হামলার পাশাপাশি নজরদারি ড্রোনের তৎপরতাও চলছে। একই সঙ্গে তারা সৌদি আরবের বিরুদ্ধে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের অভিযোগও তুলেছে।

এ ছাড়া হাদরামৌত প্রদেশের সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে সামরিক সরঞ্জাম বহনকারী সৌদি আরবের একটি ট্রাকে হামলা চালানোর দাবিও করেছে হুতি। তবে সংশোধনাগারে বিমান হামলা এবং ট্রাকে হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে ইয়েমেনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে হামলার প্রকৃত দায় ও হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।