অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি পরিপন্থি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের ইহুদি বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য ও অবিচ্ছেদ্য অধিকারগুলোর প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে—এমন যেকোনো পদক্ষেপ প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের আলোকে মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত, সর্বজনীন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বানও জানানো হয়েছে।
বাংলাদেশ একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ঢাকা।
