দিল্লিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিন দিনের ভারত সফরে থাকা পুতিনের সঙ্গে শুক্রবার এ বৈঠক করেন মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
চলতি বছর পুতিন ও মোদির মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাৎ হয়েছিল।
শুক্রবারের বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং কৃষ্ণ সাগর অঞ্চলের সংঘাত নিয়েও আলোচনা করেন দুই নেতা। এসব সংঘাত সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে বলে আলোচনায় উঠে আসে।
সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিকে একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করে পুতিনের সঙ্গে মতবিনিময় করেন মোদি। আঞ্চলিক উত্তেজনা কমাতে শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের আগে মোদি রুশ প্রেসিডেন্টকে ভারতীয় তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভারের বিখ্যাত গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দেন। বইটিতে কৃষি ও কৃষকদের জীবন-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোদি ও পুতিন একই গাড়িতে ভ্রমণ করেন। দুই নেতার একই গাড়িতে চলাচলের ঘটনা এবার নিয়ে তৃতীয়বার ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
