গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

ঢাকা দেশ জুড়ে

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ঘটনার পরদিন রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবারই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।