নানা ভোগান্তিতে জনগণ, তবে সরকারের কথায় মনে হয় সংকট নেই: জামায়াত আমির

নানা ভোগান্তিতে জনগণ, তবে সরকারের কথায় মনে হয় সংকট নেই: জামায়াত আমির

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও সার সংকটে দেশের মানুষ দিন দিন ভোগান্তিতে পড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকারি দলের বক্তব্যে দেশে কোনো সংকট নেই—এমন ধারণা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তার অভিযোগ, সরকার ছয় মাস পার হলেও সংকট মোকাবিলায় কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে পারেনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। তার দাবি, এ পরিস্থিতির কারণেই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

বিদ্যুৎ সংকট নিয়েও সরকার শুরুতে বিষয়টি অস্বীকার করেছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তার মতে, নির্ধারিত সময়ের মধ্যেই জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

এ সময় রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেছে বলেও দাবি করেন তিনি। এতে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও এখানে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। একসময় বগুড়াকে ‘মিনি শিল্পনগরী’ বলা হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও জেলার শিল্প সম্ভাবনার পুরোপুরি বিকাশ ঘটেনি।

তিনি আরও বলেন, বগুড়া শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও সে অনুযায়ী উন্নয়ন হয়নি। জেলার সড়ক, শিল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।