নেপালে ভয়াবহ বন্যার পর সহমর্মিতা প্রকাশ এবং ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ কৃতজ্ঞতা জানানো হয়। চিঠিতে বলা হয়, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভয়াবহ এই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নেপালের বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।
চিঠিতে আরও বলা হয়, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে, তা নেপালের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্ত মানুষকে নতুন করে জীবন গড়ে তুলতে বাংলাদেশের এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।
বালেন্দ্র শাহ আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে। প্রতিকূল সময়ে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতা নেপালের জনগণ গভীরভাবে অনুভব করেছে এবং তা দীর্ঘদিন স্মরণে থাকবে।
