প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ২০১৬ সালে অস্ত্রের মুখে গয়না ডাকাতির ঘটনায় তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় বিশ্লেষণ করে কিম কার্দাশিয়ানের আইনজীবী এ তথ্য জানান। কিমের দাবি করা ক্ষতিপূরণের পরিমাণ ছিল প্রতীকী ১ ইউরো। তবে তার মূল লক্ষ্য ছিল আসামিদের অপরাধ স্বীকার এবং ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করা।
রায়ের পর কিম কার্দাশিয়ান ও তার স্টাইলিস্ট সিমোন হারুশ এক যৌথ বিবৃতিতে বলেন, বিষয়টি শুধু অর্থের সঙ্গে সম্পর্কিত ছিল না; বরং ন্যায়বিচার পাওয়া এবং ঘটনার স্বীকৃতি পাওয়াই ছিল গুরুত্বপূর্ণ। কিম ঘটনাটিকে তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে ফরাসি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
একই মামলায় ডাকাতদের হামলায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হোটেলের সাবেক এক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন সপ্তাহ চলাকালে পুলিশের পোশাক পরে আসা একদল ডাকাত কিম কার্দাশিয়ানকে বেঁধে রেখে প্রায় ৬০ লাখ ডলার মূল্যের গয়না লুট করে নিয়ে যায়।
বয়সের কারণে ফ্রান্সে ‘দাদু ডাকাত’ নামে পরিচিত এই চক্রের আট সদস্যকে গত বছর দোষী সাব্যস্ত করা হয়। সশস্ত্র ডাকাতি, অপহরণ, সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিচার হয়। অভিযুক্তদের মধ্যে ছয়জনের বয়স ছিল ষাট ও সত্তরের কোঠায়।
