ইরান নিয়ে বড় ধরনের কিছু ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান বিষয়ে তিনি এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন। তেহরান তাদের আচরণ পরিবর্তন না করলে অদূর ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজের বিভিন্ন বিকল্পের কথা উল্লেখ করেন এবং তেহরানকে সংযত আচরণের আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠককে সামনে রেখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তবে এ বিষয়ে তেহরান বা পেজেশকিয়ানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ইরান ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
