ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

জাতীয়

রাজধানী ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো উন্নত করা হবে। এর মাধ্যমে আবাসিক গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

প্রকল্পের আওতায় ৫২টি উপকেন্দ্রে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন করা হবে। পাশাপাশি ১২টি বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা আরও ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানো হবে।

এ ছাড়া ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে। নেটওয়ার্কের নিরাপত্তা, দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টরও স্থাপন করা হবে।

বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটি দ্রুত শনাক্ত ও সরবরাহ পুনরুদ্ধারে প্রকল্পের আওতায় ৯০০টি ত্রুটি শনাক্তকারী সরঞ্জাম স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নদী পারাপারের জন্য বিদ্যুৎ অবকাঠামো ও সুইচিং স্টেশন নির্মাণ করা হবে।

এডিবি জানিয়েছে, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের কারণে ঢাকার আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা বাড়ছে। একই সঙ্গে পুরোনো অবকাঠামো, অতিরিক্ত চাপ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে। নতুন প্রকল্পের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিতরণ নেটওয়ার্ককে আরও সক্ষম ও স্থিতিস্থাপক করার উদ্যোগ নেওয়া হবে।