জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।
বুধবার সচিবালয়ে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
নতুন নির্ধারিত হিসাবে প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭২ পয়সা হয়েছে।
নৌপরিবহনমন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে লঞ্চ মালিকদের সংগঠন জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ভাড়া আরও বাড়ানোর দাবি জানিয়েছিল। তাদের প্রস্তাবে দূরত্বভেদে প্রতি কিলোমিটারে ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সরকার নির্ধারিত হারেই ভাড়া বাড়ানো হয়েছে।
