আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান

আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান

জাতীয়

আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।

বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে, জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। প্রাথমিক মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তিটির মোট মেয়াদ হবে ১০ বছর।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে জাপানে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।