চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের শুরু থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে ভোটের নির্দিষ্ট তারিখ ও তফসিল নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান মীর শাহে আলম। এর মধ্যে ইউনিয়ন পরিষদগুলোর জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল
এদিকে স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রোথ সেন্টারের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব স্থাপনা থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, আগামী ২৭ জানুয়ারির মধ্যে সোলার প্যানেল স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত বিদ্যুতের প্রায় ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে। অতিরিক্ত প্রায় ১৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
