আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০ থেকে ২২ অক্টোবর ছুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির সমন্বয় করতে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
যেসব সেবা ছুটির আওতায় থাকবে না প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো ছুটির আওতাবহির্ভূত থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবা।
এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা ছুটি পাবেন না। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোকেও ছুটির আওতাবহির্ভূত রাখা হয়েছে।
ব্যাংক ও আদালতের কার্যক্রম ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন সুপ্রিম কোর্ট। বেসরকারি খাতে ছুটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
