চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ একাডেমি প্রতিষ্ঠার জন্য জমি নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিংক রোডের পাশে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ জন্য ইতোমধ্যে ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় সরকারি জমি ও পাহাড়কে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন সময়ে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে সুশাসন ও শৃঙ্খলার আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে। এ জন্য পুলিশ, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলো সেখানে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করবে।
এ ছাড়া জঙ্গল সলিমপুরে সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজও চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে চলমান এ কাজের অগ্রগতিও সভায় পর্যালোচনা করা হয়েছে।
### রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প
এদিকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ক্যাম্পসংলগ্ন এলাকায় অপহরণ, মাদক, অস্ত্র ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ মোকাবিলায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার মনে করে। এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া মেরামত এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
