জাপানি বিনিয়োগ বাড়াতে তারেক রহমানের বৈঠক জেটরো প্রেসিডেন্টের সঙ্গে

জাপানি বিনিয়োগ বাড়াতে তারেক রহমানের বৈঠক জেটরো প্রেসিডেন্টের সঙ্গে

জাতীয়

জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রফতানি বহুমুখীকরণ এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টিতে জেটরোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের জন্য নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ একমত পোষণ করে যে, এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রফতানি বহুমুখীকরণ এবং দক্ষ জনশক্তি উন্নয়নের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয় বৈঠকে।