গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অব’রোধ, বিজিবি মোতায়েন

ঢাকা দেশ জুড়ে

শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে একদল কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে।

যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়েছেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন।

 পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানান, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষ নিরসনে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন। শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান এ আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।