পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার

অর্থনীতি জাতীয়

তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সর্বশেষ আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আলোচনার বিরতিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে, গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

গত সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনার পর শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ওই দিনের সভা মুলতবি করা হয়।

পরে মঙ্গলবার দুপুর ২টায় আবারও আলোচনা শুরু হয়। সভায় মজুরি কাঠামো নিয়ে দুই পক্ষের প্রস্তাব ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতি এবং মালিকপক্ষের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।