বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, শীর্ষে করাচি

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, শীর্ষে করাচি

জাতীয় পরিবেশ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় বায়ুমান সূচকে ঢাকার স্কোর ছিল ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।একই সময়ে ১৭১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের করাচি।

বায়ুদূষণের তালিকায় ১৬৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই। একই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। আর ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ার শহরগুলোর বাতাসের মান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে থাকে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা সহনীয় মানের বলে ধরা হয়।

এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।