ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে।
তিনি বলেন, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হবেন না।
প্রায় ৬০০ কারখানা বন্ধের দাবি
জামায়াত আমির আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শীত মৌসুমকে সামনে রেখে দেশের পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান
পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে কোনো পক্ষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতকে রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পোশাকশিল্পে চলমান অস্থিরতা মোকাবিলায় সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।
