শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ রিং রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে শিবু মার্কেট, কাঠেরপুলসহ বিভিন্ন এলাকার গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন। পরে তারা একযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রিং রোডের দুই পাশে অবস্থান নেন। এ সময় ওভারপাসসহ সড়কের উভয় পাশ বন্ধ করে দেন শ্রমিকরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে যে বেতন তারা পান, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বেশ কয়েক বছর ধরে বাড়েনি। এ কারণে তারা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও বাসযাত্রীরা। অনেক যাত্রী পায়ে হেঁটে রাস্তা পার হয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। আবার অনেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে যানবাহনের মধ্যে আটকে থাকেন।
