শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আ’ন্দো’লনের নামে ষড়’যন্ত্র’কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় রাজনীতি

শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলাবিরোধী কাজ ও ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 বাস্তবসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ করবে। আগামী এক-দুই দিনের মধ্যেই বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা যেসব পোশাক কারখানার মালিক, তাদের কেউ কেউ শিল্প খাতে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছেন। এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

অস্থিরতা সৃষ্টিকারী মালিক-শ্রমিকদের তালিকা দেবে বিজিএমইএ ও বিকেএমইএ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব মালিক কারখানা বন্ধ করেছেন এবং পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছেন, তাদের পাশাপাশি সংশ্লিষ্ট শ্রমিকদের নামের তালিকা সরকারকে দেবে বিজিএমইএ ও বিকেএমইএ। সরকার কোনো কারখানা বন্ধ করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক নেতারা মজুরি বোর্ডে তাদের প্রতিনিধির নাম দিতে দেরি করেছেন।

সোমবার বিকেল ৩টায় শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ যেন সংরক্ষিত হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের বিষয়গুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে অসন্তোষের কোনো কারণ নেই।

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে ডিসেম্বর বলে হাইপ তোলা হচ্ছে।’ তিনি আরও বলেন, সরকার শুধু শেখ হাসিনাকে নয়, ভারতে অবস্থানরত সব পলাতক ব্যক্তিকে ফেরত চায়।

ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মাসে বাংলাদেশের বিজয় ঘিরে নানা কর্মসূচি থাকবে।