গাজীপুরের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) শ্রমিকদের এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে, সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
মজুরি বোর্ড গঠন এবং গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারপক্ষের আলোচনার পর কয়েকটি কারখানার শ্রমিক কাজে ফিরেছেন।
এদিকে, সম্ভাব্য সহিংসতা এড়াতে গাজীপুর, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরে মোতায়েন করা হয়েছে ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গাজীপুরে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
