ফরিদপুরের আল'ফা'ডাঙ্গায় জমজমাট ঘোড়'দৌড় প্রতিযোগিতা

ফরিদপুরের আল’ফা’ডাঙ্গায় জমজমাট ঘোড়’দৌড় প্রতিযোগিতা

দেশ জুড়ে বাংলাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনা এবং স্থানীয় মানুষের বিনোদনের লক্ষ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় গ্রাম্য মেলার।

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার রুদ্রবানা নতুন বাজারের দক্ষিণ পাশে একটি বিস্তীর্ণ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান ও স্থানীয় ইউপি সদস্য বাবর শেখের সার্বিক উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা মোট ২৬টি চৌকস ঘোড়া অংশ নেয়। ঘোড়ার খুরের শব্দ আর প্রতিযোগীদের কসরত দেখতে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠে জড়ো হন।

গ্রামীণ এ আনন্দঘন আয়োজনে নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দর্শকদের সরব উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় আনন্দমুখর এক মিলনমেলায়।

আয়োজক সূত্রে জানা যায়, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতেই এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতার আয়োজক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান বলেন, স্থানীয় মানুষের বিনোদন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা।