দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১১ নভেম্বর আদেশ দেবেন হাইকোর্ট।
বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।
শুনানি শেষে আসিফ মাহমুদের আইনজীবী ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, দুদকের ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালা অনুযায়ী চলমান অনুসন্ধানের বিষয়ে সংবাদ সম্মেলন করার সুযোগ নেই।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়ে গত ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথকভাবে প্রেস ব্রিফিং করে দুদক। এসব ব্রিফিংয়ে সংস্থাটির উপপরিচালক ও সহকারী পরিচালকরা বক্তব্য দেন। দুদকের দুই দফা প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পরদিন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে আবেদনটি হাইকোর্টের বর্তমান বেঞ্চে উপস্থাপন করা হয়। বুধবার ওই রিটের শুনানি শেষ হয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান খান।
