কাতারের বিমানবন্দরে ভিড়, বিদেশিদের দেশ ছাড়ার গুঞ্জন কি সত্য?

কাতারের বিমানবন্দরে ভিড়, বিদেশিদের দেশ ছাড়ার গুঞ্জন কি সত্য?

আন্তর্জাতিক

কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটিতে বিদেশি নাগরিকদের চলে যাওয়ার গুঞ্জন তৈরি হয়েছে। তবে বিমানবন্দরে এই অতিরিক্ত ভিড়ের সঙ্গে বিদেশিদের দেশত্যাগ বা সম্ভাব্য সংঘাতের কোনো সম্পর্ক নেই। এটি ছিল দেশব্যাপী পূর্বপরিকল্পিত নিরাপত্তা মহড়ার অংশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের টার্মিনাল ও বাইরে হাজারো মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভিডিওগুলোর যোগসূত্র টেনে নেটিজেনদের একাংশ দাবি করেন, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিদেশি শ্রমিকেরা কাতার ছাড়ছেন। পরে এ দাবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে কাতার বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, বিমানবন্দরে মানুষের এই সমাগম কোনো জরুরি দেশত্যাগের ঘটনা নয়। এটি ‘ওয়াতান ২০২৬’ নামের দেশব্যাপী নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার মহড়ার অংশ।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশ নেন। বড় ধরনের জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার প্রস্তুতি, সক্ষমতা ও পারস্পরিক সমন্বয় যাচাই করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, মহড়ার কারণে বিমানবন্দরে সাময়িকভাবে মানুষের উপস্থিতি বেড়েছিল। তবে এতে নিয়মিত কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রী ও দর্শনার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে কাতার থেকে বিদেশিদের ব্যাপক দেশত্যাগের যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।