চলমান শ্রমিক আন্দোলনকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ পরিস্থিতিতে বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনে সরকার দলীয়করণ করেছে, যা পুরোপুরি অনুচিত। শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তাই শিল্পমালিক ও শ্রমিকদের যেকোনো সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রমিক আন্দোলন দমনে পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আন্দোলনে উসকানিদাতাদের আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে সাধারণ শ্রমিকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার শ্রমিকদের উদ্দেশে বলেন, শিল্পের ক্ষতি হয় এবং অর্থনীতির চাকা থেমে যায়—এমন আন্দোলন থেকে বিরত থাকতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্প ও অর্থনীতির স্বার্থও বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।
