দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে সারা দেশে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে আরও ৭৭ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। অন্যদিকে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে—৫২০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
