বিএনপি সরকার এক বছর পর সব ক্ষেত্রে ব্যর্থ হবে: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি সরকার এক বছর পর সব ক্ষেত্রে ব্যর্থ হবে: হাসনাত আব্দুল্লাহ

দেশ জুড়ে বাংলাদেশ রাজনীতি

বিএনপি সরকারের এক বছর পূর্ণ হওয়ার পর অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার চিত্র দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগকে বরাবরই পথ দেখিয়েছে বিএনপি। পাশাপাশি বিভিন্ন আন্দোলনের সুবিধা নেওয়ার চেষ্টা করে দলটি। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিএনপি হীনম্মন্যতায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। তবে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের আগে বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন হওয়ার পরই তাদের পুনর্বাসন বা রাজনৈতিক প্রাসঙ্গিকতার বিষয়টি সামনে আসতে পারে।

আলোচনা সভায় এনসিপির আরেক নেতা সারোয়ার তুষারও বিএনপির সমালোচনা করেন। অন্য দলের মধ্যে গুপ্ত সদস্য খোঁজার পরিবর্তে বিএনপিকে নিজেদের দলের ভেতরে গুপ্ত সদস্য খোঁজার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপিকে অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান সারোয়ার তুষার।