পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি পরিদর্শন করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন।

এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়নটি পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি তাদের আগ্রহের বিষয়ে জানতে চান।

শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানার পাশাপাশি এ বিষয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ বিভিন্ন ধরনের ১২৯টি পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে।

তারা আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনেকে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও জানিয়েছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।