মুন্সীগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আসন্ন ইউপি নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
এর জের ধরে বৃহস্পতিবার ভোররাতে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের ওপর হামলার অভিযোগ ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় বক্তব্য জানতে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
