মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

অর্থনীতি জাতীয়

বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত অঙ্কের বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কর্মী মালয়েশিয়ায় যাওয়ার পর কাজ না পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে শাস্তির আওতায় আনা হবে।

সংশ্লিষ্টদের আশা, সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের ব্যবস্থা বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে।