নড়াইলের কালিয়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ সকালে কালিয়া উপজেলার একটি গ্রামের আট বছর বয়সী তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীর মা-বাবা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির বাবার খোঁজে বাড়িতে আসেন আসাদ মোল্যা। এ সময় বাড়িতে শিশুটিকে একা পেয়ে তিনি ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মহাজন বাজার থেকে আসাদ মোল্যাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার দিন রাতেই আসাদ মোল্যাকে একমাত্র আসামি করে শিশুটির বাবা থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।
