শেখ হাসিনাকে পেছন থেকে কেউ শক্তি জোগাচ্ছে: রুহুল কবির রিজভী

শেখ হাসিনাকে পেছন থেকে কেউ শক্তি জোগাচ্ছে: রুহুল কবির রিজভী

জাতীয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, অন্যথায় একজন দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন?

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা ব্যাংকের অর্থ লুটপাটকে দুর্নীতি বলে মনে করেননি। লুট করা সেই অর্থ বিদেশে বসে দেশের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দিল্লির সংকেত ছাড়া পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বৈঠক করতে পারেন না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, এসব বৈঠকের মাধ্যমে দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রিজভী আরও বলেন, পাকিস্তানের সঙ্গে লড়াই করে ভারতের দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।