তৈরি পোশাক খাতের শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, দেশে এই প্রথম সরকারি দলের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষভাবে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, পোশাকশিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিতে হবে। কোনো ধরনের চক্রান্তের মাধ্যমে যেন এ শিল্পের অগ্রযাত্রা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন নিজেদের সক্ষমতা অনুযায়ী শ্রমিকদের নিম্নতম মজুরি যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করেন।
তিনি আরও জানান, শ্রমিক-অধ্যুষিত অঞ্চলে ছয় থেকে সাতটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। পাশাপাশি বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ও বাসাভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধ করতেও সরকার কাজ করছে।
