মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস প্রতিমন্ত্রীর

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস প্রতিমন্ত্রীর

দেশ জুড়ে

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম। এ সময় ভাঙন রোধ এবং স্থানীয় জনপদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় নৌ চ্যানেলের ভাঙন পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রায় দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে শুধু জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানো যাচ্ছে না। ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে কাজ করা জরুরি।

তিনি বলেন, নদীর বাঁকগুলো কীভাবে ঠিক বা সোজা করা যায়, তা সরেজমিনে পর্যালোচনা করা হচ্ছে। নদীর বাঁকের কারণে সৃষ্ট স্রোতের আঘাতে বিপরীত পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সেখানে খননকাজ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে ভাঙন রোধে যৌক্তিক সমাধান বের করতে হবে, যাতে স্থানীয় মানুষ ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পান।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভাঙনের কারণে এলাকার মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তা পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।