রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারতের সম্মতি, শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারতের সম্মতি, শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

ট্রাম্প আরও জানান, রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছে ভারত। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, কৃষিপণ্য ও অন্যান্য প্রযুক্তি আমদানির ব্যাপারেও সম্মতি দিয়েছে দিল্লি।

তবে এর আগে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, গত আগস্টে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন, ফলে মোট শুল্কের হার বেড়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে।