দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই একাধিক বৈঠকের মাধ্যমে তার ব্যস্ততম দিন শুরু হয়।
সকালে তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান। বৈঠকে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সমন্বয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী পৃথকভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স–এর মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করেন।
বেলা সাড়ে ১১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। এ কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দুপুরে আবারও আন্তঃমন্ত্রণালয় সভায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
