আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সিতে যুক্ত হচ্ছে নতুন স্পন্সরের লোগো। প্রথমবারের মতো পুরুষ ও নারী—উভয় দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি জার্সির পেছনে স্পন্সরের লোগো দেখা যাবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হোলা হেলথ-এর নতুন স্পন্সরশিপ চুক্তির আওতায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন চুক্তিতে প্রতিষ্ঠানটি ‘গোল্ড পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে এবং তাদের লোগো খেলোয়াড়দের জার্সির নম্বরের নিচে থাকবে।
এর আগে ২০২০ সালে শুধুমাত্র অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের জার্সির পেছনে স্পন্সরের লোগো ব্যবহার করা হয়েছিল। করোনা মহামারির সময় আইসিসি অতিরিক্ত স্পন্সর প্রদর্শনের অনুমতি দিলে এ ব্যবস্থা চালু হয়। পরে তা স্থায়ী করা হয়।
বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট জার্সির সামনের অংশে ওয়েস্টপ্যাকের লোগো রয়েছে। এবার ইংল্যান্ড ও বাংলাদেশের মতো জার্সির নম্বরের নিচে স্পন্সরের লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। এই ম্যাচেই নতুন ডিজাইনের জার্সিতে মাঠে নামবেন প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কসহ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সূচি:
প্রথম টেস্ট: ১৩–১৭ আগস্ট, ডারউইন
দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, ম্যাকাই
