স্থানীয় নির্বাচনে জামায়াত-এনসিপির সমঝোতার সিদ্ধান্ত হয়নি এখনও

স্থানীয় নির্বাচনে জামায়াত-এনসিপির সমঝোতার সিদ্ধান্ত হয়নি এখনও

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জোটে যোগের কারণে এনসিপির কিছু নেতা, বিশেষ করে নারী নেত্রীসহ কয়েকজন দল ত্যাগ করেন।

তবুও ঐক্য অটুট রেখে জোট নির্বাচনে ৭৭টি আসন জিতেছে। এই নির্বাচনী ধারাবাহিকতায় এখন জোটটি রাজনৈতিক জোটে রূপ নিয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জামায়াত ও এনসিপির মধ্যে নির্বাচনী ঐক্য এখনও পর্যন্ত চলমান রয়েছে।

জামায়াতের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনী জোটে সাধারণত একজন আহ্বায়ক এবং অন্যরা সদস্য বা যুগ্ম আহ্বায়ক থাকেন। তবে তারা এবার জোটকে নির্বাচনী ঐক্য হিসেবে ঘোষণা করেছেন এবং আসন সমঝোতা সমঝোতার ভিত্তিতে করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি, পৌর ও উপজেলা নির্বাচনে জোটের অংশগ্রহণ বিষয়ে নেতারা জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রথম ধাপে সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য নির্বাচনের জন্যও প্রস্তুতি নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এনসিপি ইতিমধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করেছে এবং খুব শিগগিরই কার্যক্রম শুরু করবে।

জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন, বিএনপি সরকারের ভালো উদ্যোগকে তারা স্বাগত জানাবে, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে কোনো ছাড় দেওয়া হবে না।