অমর একুশে বইমেলা সারাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অমর একুশে বইমেলা সারাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

অমর একুশে বইমেলা শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অমর একুশে বইমেলা-র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একুশে বইমেলা শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার হয়ে উঠুক। একই সঙ্গে বাংলাভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, অমর একুশে বইমেলা শুধু উৎসব নয়; কীভাবে এই মেলার মাধ্যমে সবাইকে বইপ্রেমী করে তোলা যায়, সে বিষয়ে পরিকল্পনা থাকতে হবে। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইন্টারনেটের নেতিবাচক দিক সম্পর্কে তরুণদের সচেতন করতে হবে এবং বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে।

অনুষ্ঠানে এ বছর বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।