৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করবে ভারত

৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করবে ভারত

আন্তর্জাতিক

রাশিয়ার নাগরিকদের জন্য শিগগিরই ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক সব সময়ই গুরুত্বপূর্ণ। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে রাশিয়ার নাগরিকদের জন্য ভারত ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করবে।

তিনি আরও জানান, সম্প্রতি রাশিয়ায় ভারতের দুটি নতুন কনস্যুলেট খোলা হয়েছে। এর ফলে দুই দেশের নাগরিকদের যোগাযোগ আরও সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

মোদি বলেন, নতুন এসব কনস্যুলেট ভারতের কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, পর্যটন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এই উদ্যোগ শুধু দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে না, বরং উভয় দেশের জন্য নতুন সুযোগও তৈরি করবে। পাশাপাশি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ক্ষেত্রেও যৌথভাবে কাজ করা হবে। দুই দেশের ছাত্র, গবেষক ও ক্রীড়াবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ও বাড়ানো হবে।

নরেন্দ্র মোদি বলেন, ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি জোগাবে এবং পারস্পরিক আস্থা ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে।

এ সময় তিনি জানান, গত অক্টোবরে ভারত থেকে নিয়ে যাওয়া বুদ্ধের অবশিষ্টাংশের প্রদর্শনী রাশিয়ার কালমাইকিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। হাজার হাজার ভক্ত সেখানে মঠে গিয়ে সেই অবশিষ্টাংশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।