দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী বিমান হামলার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৭ মার্চ) প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের মনে হচ্ছে এটা ইরানই করেছে। কারণ তাদের অস্ত্র খুব নিখুঁত নয় এবং তাদের গোলাবারুদের কোনো নির্ভুলতা নেই।”
উল্লেখ্য, দক্ষিণ ইরানের মিনাব শহরে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৬৫ জনের বেশি ছাত্রী ও কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।
যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্কুলের শিক্ষার্থীরা নিহত হয়েছেন—এমন কিছু প্রতিবেদনের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
ট্রাম্প বলেন, “আমি যা দেখেছি তার ভিত্তিতে বলছি, এটা ইরানই করেছে। ইরানই ওই হামলা চালিয়েছে। তাদের ব্যবহৃত গোলাবারুদ খুবই খারাপ।”
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক সচিব পিট হেগসেথ বলেন, ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।
