প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। রুবেল জানান, সকাল ৯টায় বিমানযোগে তারেক রহমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছবেন।
সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশের খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। সফরের সময় ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচি উদ্বোধনেরও আয়োজন রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তান গিয়ে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এর মধ্যে আছেন তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক।
তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজনও করা হয়েছে।
