বলিউড তারকা বরুণ ধাওয়ান সাধারণত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম প্রকাশ্যে কথা বলেন। তবে সম্প্রতি পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এ তিনি ২ বছরের মেয়ে লারার শারীরিক সমস্যা সম্পর্কে খোলামেলা জানিয়েছেন।
বরুণ জানিয়েছেন, তাঁর মেয়ে লারা ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। এই রোগে শিশুর হিপ জয়েন্ট সঠিকভাবে বসে না, ফলে পা অন্য পায়ের তুলনায় ছোট বা বড় হয়ে হাঁটার ভঙ্গি বেঁকে যায়।
তিনি বলেন, “আমার মেয়ের ডিডিএইচ ছিল। এতে হিপ জয়েন্ট সঠিক জায়গায় বসে না, যা হেটে বা দৌড়াতে সমস্যা তৈরি করে। অল্প বয়সেই আর্থ্রাইটিস বা স্লিপ ডিস্কের ঝুঁকি থাকে।”
ভারতে চিকিৎসা সব জায়গায় সহজলভ্য না হলেও, বরুণের মেয়ে দক্ষ চিকিৎসকদের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে হিপ ঠিক জায়গায় বসানো হয়েছে। চিকিৎসার অংশ হিসেবে লারাকে প্রায় আড়াই মাস ‘স্পাইকা কাস্ট’ (বিশেষ প্লাস্টার) পরতে হয়েছে। বরুণ জানান, “সময়ের শুরুতে এটা মেয়ের জন্য কঠিন ছিল, তবে এখন সে সুস্থ।”
তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন, সন্তানদের শারীরিক পরিবর্তনের দিকে নজর দেওয়া জরুরি। সঠিক সময়ে চিকিৎসা করালে এই সমস্যা পুরোপুরি নিরাময়যোগ্য। বরুণ স্পষ্ট করে বলেছেন, অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্য সহানুভূতি নয়, সচেতনতা বৃদ্ধি।
উল্লেখ্য, বরুণকে সর্বশেষ দেখা গেছে ‘বর্ডার ২’ ছবিতে, যেখানে তিনি অনুরাগ সিং পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন।
