পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনোদন

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে তিনি একসময় একটি শুভেচ্ছা চিঠি পেয়েছিলেন। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ স্মৃতিচারণ করেন।

পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকার ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে পরিবারসহ মনের মাঝে তুমি সিনেমাটি দেখার পর তারেক রহমান মুগ্ধ হয়ে তাকে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে সিনেমাটির সকল অভিনয়শিল্পীদের প্রশংসা করা হয়েছিল।

তিনি বলেন, চিঠিতে উল্লেখ ছিল—এ ধরনের ভালো সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত এবং সংশ্লিষ্ট সবাই যেন তাদের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল। এ ধরনের উৎসাহ পুরো চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করেছিল বলে জানান তিনি।

পূর্ণিমা আরও বলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলন না থাকায় তার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।

জানা গেছে, এই পডকাস্ট অনুষ্ঠানটি শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন-এ প্রচারিত হবে।