বাংলাদেশ দলে ডাক পেয়ে স্বপ্ন পূরণের অপেক্ষায় ফারহান

বাংলাদেশ দলে ডাক পেয়ে স্বপ্ন পূরণের অপেক্ষায় ফারহান

জাতীয়

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডপ্রবাসী তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। আসিয়ান কাপে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই ১৯ বছর বয়সী ফুটবলার দেশ ও জাতির প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত।

ইন্দোনেশিয়ায় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে নিজের অনুভূতি প্রকাশ করে ফারহান বলেন, নিজের দেশ, জাতি ও শেকড়ের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য অত্যন্ত রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাও তাঁকে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। অনূর্ধ্ব-১২ পর্যায়ে চেলসির একাডেমি থেকে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। পরে ফুলহামের বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলে অনূর্ধ্ব-২১ দলেও জায়গা করে নেন।

গত মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের বয়সভিত্তিক প্রতিযোগিতায় ছয়টি গোল করার পাশাপাশি নয়টি গোলে সহায়তা করেন ফারহান। চলতি মৌসুমে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডের হয়ে খেলছেন তিনি।

পারিবারিক শেকড়ের সূত্র ধরে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের মানুষের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছেন ফারহান। সমর্থকদের এমন উষ্ণতা তাঁকে দেশের হয়ে ভালো কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান তিনি।

আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে বাংলাদেশের অভিযান শুরু হবে। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ফারহানের অভিষেক হতে পারে। তবে অভিষেকের সুযোগ পান বা না পান, দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এই তরুণ ফুটবলার।

গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। নতুন দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ফারহান, তাঁর প্রত্যাশা টুর্নামেন্টে ভালো ফল নিয়ে দেশে ফেরা।