সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ইয়াও ওয়েন জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা ব্যবস্থাপনা, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থাপনা, অভিবাসন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর জন্য বিশেষায়িত সাইবার নিরাপত্তা ইউনিট গঠন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় ইউনিট পর্যন্ত ডিজিটাল অপরাধতদন্ত ও সাইবার গবেষণাগার প্রতিষ্ঠার পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।
সাইবার অপরাধ মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ ও গবেষণাগার পরিদর্শনের পাশাপাশি প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন ইয়াও ওয়েন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ তদন্ত বিভাগের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনে পাঠানোর কথা জানান।
প্রতিনিধিদলে একজন অতিরিক্ত মহাপরিদর্শক, একজন অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং সাইবার ও ডিজিটাল অপরাধতদন্তে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা থাকবেন। দলটি চীনের সাইবার গবেষণাগার ও প্রযুক্তি পরিদর্শনের পর বাংলাদেশে ফরেনসিক গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করবে।
বৈঠকে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত মহাপরিদর্শক ও অপরাধ তদন্ত বিভাগের প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
