দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক নির্দেশনায় বলা হয়, শিক্ষক সংকট ও নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে অনেক প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা ভিত্তিক অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটি পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই তালিকা প্রস্তুত করতে হবে। পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী এসব তালিকা থেকে অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
এছাড়া, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে আশা করা হচ্ছে, শিক্ষক সংকট থাকা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করার সুযোগ পাবে।
